সারোয়ার-তামিম গ্রুপের ‘আধ্যাত্মিক’ নেতা গ্রেফতার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৮:৫৫
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে মুহাম্মদ ইকবাল হোসেন ওরফে মুনির হোসেন ওরফে শায়খ ইকবাল নামে নব্য জেএমবি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, ইকবাল নব্য জেএমবি’র সদস্যদের ‘আধ্যাত্মিক জ্ঞান, দীক্ষা ও প্রশিক্ষণ’ দিতো। সে সরোয়ার-তামিম গ্রুপের নেতা। গত রবিবার রাতে কাঁটাবন ঢালে খন্দকার প্রিন্টার্স নামে একটি দোকান থেকে ২১শ’ জিহাদি বইসহ তাকে গ্রেফতার করা হয়। 
 
র‌্যাব জানায়, আগে অন্য আসামিদের স্বীকারোক্তিতে র‌্যাব জানতে পারে, মুহাম্মদ ইকবাল জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য ‘আধ্যাত্মিক জ্ঞান, দীক্ষা ও প্রশিক্ষণ’ দিয়ে থাকেন। তিনি নাম-পরিচয় গোপন করে ঢাকার বিভিন্ন প্রেস থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য ধর্মীয় উসকানিমূলক বই ছাপিয়ে থাকেন। এসব বই স্বল্প ও বিনামূল্যে তার অনুসারীদের কাছে সরবরাহ করে জঙ্গিবাদে আকৃষ্ট করে থাকেন। 
 
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার একজন আসামি হিসেবে বাড্ডা থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল। আদালত থেকে বের হয়ে এসে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের সদস্যদের সংগঠিত করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ ও জিহাদের জন্য প্রস্তুত করে আসছিলেন।
 
র‌্যাব জানায়, রবিবার রাতে র‌্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল জঙ্গিবাদী কার্য প্রচারের জন্য ধর্মীয় উসকানিমূলক তিন হাজার কপি বইসহ ইকবালকে নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যমতে কাঁটাবন মসজিদ মার্কেট আল-মা’রুফ পাবলিকেশনস থেকে ৫০টি ও বাড্ডা থানাধীন বড় বেরাইদ এলাকার একটি দোকান থেকে ২ হাজার ৮৩টি বিভিন্ন উসকানিমূলক জঙ্গিবাদী বই উদ্ধার করে।