কাফরুলে ১১ডিবি পুলিশ আটক : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল তিন কার্যদিবস

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২১:৪০
রাজধানীর কাফরুলের ইব্রাহীমপুরে অবস্থিত ‘নিউ ওয়েভ’ ক্লাবে চাঁদাবাজি করতে গিয়ে মিলিটারি পুলিশের হাতে ডিবি পুলিশের ১১ সদস্য আটক হওয়ার ঘটনাটি তদন্ত করতে আরও তিন দিন সময় বর্ধিত করা হয়েছে। এর আগে এ ঘটনায় গঠিত পুলিশের তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। 
 
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, তদন্ত কাজ শেষ না হওয়ায় কমিটি আরও তিন দিনের সময়ের প্রার্থনা করেছে। কমিটিকে আগামী বৃহস্পতিবার রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। 
 
গত ১৮ এপ্রিল কাফরুলের কচুক্ষেতের নিউ ওয়েভ ক্লাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পূর্ব বিভাগের সহকারী কমিশনার রুহুল আমিনের নেতৃত্বে ১১ পুলিশ সদস্য অভিযান চালায়। ক্লাবের কয়েকজন সদস্যের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নিয়ে তাদেরকে আটক করে গাড়িতে তোলে। কচুক্ষেতে এমপি (মিলিটারি পুলিশ) চেকপোস্টে ডিবি পুলিশের ১১ সদস্যকে আটক করে কাফরুল থানা পুলিশের জিম্মায় দেয়া হয়। ঘটনাটি তদন্ত করতে ডিএমপির অতিরিক্ত কমিশনার জামিল আহমেদকে প্রধান করে এবং যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন ডিএমপি কমিশনার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, তিন কার্যদিবসের তদন্তে অভিযানের নেপথ্যের অনেকগুলো কারণ চিহ্নিত করে যাচাই বাছাই চলছে। প্রকৃতপক্ষে ওই অভিযানের সময় কি ঘটেছিল তার অনেকটাই নিশ্চিত হয়েছেন তারা। তবে অপর একটি সূত্রে জানা গেছে, অভিযানের সময় পুলিশের চাঁদাবাজির অভিযোগটি তদন্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এটাও অভিযানের মূল কারণ হতে পারে। এই অভিযান চালাতে গিয়ে ডিবি পুলিশের টিম নিজেই চাঁদায় জড়িয়ে যেতে পারে বলে মনে করছে তদন্ত কমিটি।