গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কুড়িয়ে পাওয়া ১ লাখ ৩০ হাজার টাকা ফেরৎ দিলেন দৈনিক বজ্রশক্তি পত্রিকার সুন্দরগঞ্জ প্রতিনিধি বাপ্পী রায়।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার সময় উপজেলার বামনডাঙ্গা ডাক বাংলো জামে মসজিদ মোড়ে রাস্তার উপর একটি চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখেন বাপ্পী। তিনি ব্যাগটি তুলে নিয়ে দেখেন ভিতরে টাকা। পরে ব্যাগটি নিজ হেফাজতে রেখে টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। অবশেষে ৩ ঘণ্টা পর টাকার সন্ধানরত একজনকে খুঁজে পান তিনি। পরে তার বিবরণ অনুযায়ী সবকিছু মিলে গেলে টাকার ব্যাগটি হস্তান্তর করেন। টাকার মালিক বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের নুরুজ্জামানের ছেলে মজনু মিয়া। ব্যাগটির ভিতর এক লাখ ৩০ হাজার টাকা ছিল। টাকা ফেরৎ পাওয়ার পর মজনু মিয়া সাংবাদিককে কিছু টাকা পুরষ্কার দিতে চাইলে বাপ্পী রায় তা নিতে রাজি হননি। কুড়িয়ে পাওয়া টাকা ফেরৎ দিয়ে সততার মহৎ দৃষ্টান্ত স্থাপন করায় ঘটনাটি টক অব দ্যা বামনডাঙ্গায় পরিণত হয়েছে। বাপ্পী রায় বামনডাঙ্গা বন্দরের মানিক রায়ের ছেলে।
