জঙ্গি আস্তানার খোঁজে রাজশাহী মহানগরীর হড়গ্রাম পুর্বপাড়ায় পরিচালিত পুলিশের ব্লক রেইড সন্ধ্যায় সমাপ্ত হয়েছে। তবে এতে কিছু পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ এই অভিযানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য হড়গ্রাম পুর্বপাড়ায় এই অভিযান শুরু করে। তবে অভিযানে কিছু পাওয়া যায়নি বলে মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর সাংবাদিকদের জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৯টায় হঠাৎ করেই ব্লক রেইড শুরুর পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছিল নগরীর দুই নম্বর ওয়ার্ডের হড়গ্রাম পূর্বপাড়া, আলীগঞ্জ, রাণীদীঘির এক কিলোমিটার এলাকার জুড়ে। এসময় স্থানীয় অধিবাসীরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য চারদিক থেকে প্রায় এক কিলোমিটার এলাকা ঘিরে প্রতিটি বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ওই এলাকায় সাংবাদিকদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি ওই এলাকা থেকে কাউকে বের হতে কিংবা বাইরে থেকে কাউকে ভেতরেও প্রবেশ করতে দেয়া হয়নি। এ নিয়ে গোটা এলাকায় এক ভীতিকর অবস্থা বিরাজ করছিল।
এ ব্যাপারে আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, নগরীর ওই এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু বিশেষ অভিযান সন্ধ্যায় শেষ হয়েছে। এর আগে গত সোমবার দিবাগত রাত ১১টার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। এরপর সকাল থেকেই ঘিরে ফেলা হয় এলাকাটি।
