শাহজালালে ১৮৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৭:৪৪
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ১৮৫ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
 
গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার দিবাগত গভীর রাতে এসব সিগারেট জব্দ করেন। এর মধ্যে ডানহিল, ইজি ও মন্ড ব্র্যান্ডের সিগারেট রয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুয়েত এয়ারওয়েজের (কেইউ- ২৮৩) একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে । এ ফ্লাইটে করে মোহাম্মদ আবু আল হোসেন নামে এক যাত্রী বিমানবন্দরে পৌঁছে।  শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা হোসেনের লাগেজ স্ক্যানিং করে আমদানি নিষিদ্ধ ৩৭ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করে। এ সকল সিগারেট তিনটি ব্যাগেজে ১৮৫টি কার্টনে পাওয়া যায়।  আবু আল হোসেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম সুলতানপুর গ্রামের মোহাম্মদ মালেক মিয়ার পুত্র। বাসস
 
ইত্তেফাক/ইউবি