থামার সংকেত অমান্য করে পুলিশ কর্মকর্তার উপরই উঠে গেল বেপরোয়া বাস

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:০৩

সাভারের আশুলিয়ায় দ্রুত গতির এক বেপরোয়া বাস চালক পুলিশ কর্মকর্তার থামার সংকেট অমান্য করে তার উপরই উঠিয়ে দিয়েছে। এতে মারাত্মক জখম ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহতের নাম মোঃ কবির হোসন (৪০)। তিনি আশুলিয়া থানায় উপ-পপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি স্টাফ মিনিবাস (ঢাকা মেট্রো জ-১১-১৮১১) নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকা অতিক্রম করার সময় দ্রুতগতির বাসটিকে থামার সংকেট দেন এসআই কবির হোসেন। কিন্তু সংকেত অমান্য করে বাসের চালক বেপরোয়াভাবে বাসটি চালাতে থাকলে পুলিশ কর্মকর্তা কবির হোসেন মোটরসাইকেলযোগে বাসটির পিছু নেন। পরে পলাশবাড়ি এলাকায় পৌছালে পুলিশ কর্মকর্তা বাসটি থামানোর জন্য তার মোটরসাইকেলটি মহাসড়কের উপর বাসটির সামনে দাঁড় করান। কিন্তু বেপরোয়া বাস চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ পুলিশ কর্মকর্তাকে চাপা দেয়। এসময় মোটরসাইকেলটিকে প্রায় ২০ ফুট সামনের দিকে ছেঁচরে নেওয়ার পর বাসটি রোড ডিভাইডারের উপর উঠে গেলে এর চালক পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত পুলিশ কর্মকর্তা কবির হোসেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। 
এদিকে দূর্ঘটনার পর উৎসুক জনতা সড়কে ভীড় জমালে সড়কটির এক পাশের লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জাবেদ হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাস চালককে আটকের চেষ্টা চলছে।

ইত্তেফাক/আরকেজি