শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
অবশেষে শ্রীবরদী উপজেলার ৯৪ বছর বয়সী হতদরিদ্র বৃদ্ধা মমিরন বয়স্ক ভাতার কার্ড হাতে পেয়েছেন। কার্ড হাতে পেয়ে তিনি খুব খুশি। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর মমিরনের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার, উপজেলা পল্লি দারিদ্র্য কর্মকর্তা মতিউর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা সংবাদদাতা মো. আব্দুল বাতেন।
উল্লেখ্য, বৃদ্ধা মমিরনকে নিয়ে ২ এপ্রিল দৈনিক ইত্তেফাক পত্রিকার ১৩ পৃষ্ঠায় ‘শ্রীবরদীতে ৯৪ বছর বয়সেও জোটেনি বয়স্ক বা বিধবা ভাতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পরই তাত্ক্ষণিক উপজেলা প্রশাসন বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেঁজুতি ধর বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর ওই বৃদ্ধার কথা জানতে পারি। পরে দ্রুত কার্ড করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করি।
