এনজিও কর্মীর জিহ্বা কেটে টাকা ছিনতাই!

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:০৭

সাতক্ষীরা প্রতিনিধি

সোমবার রাতে সাতক্ষীরায় এক এনজিওকর্মীকে মারপিট করে জিহ্বা কেটে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। এনজিওকর্মী জাহিদুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, আশা সমিতির ব্যাংদহা শাখার মাঠকর্মী জাহিদুল ইসলাম ঋণ ও সঞ্চয় আদায় শেষে অফিসে ফিরছিলেন। এ সময় ফিংড়ি ইউনিয়নের গাভা ওয়াপদা সড়কের কালভার্ট সংলগ্ন বেড়িবাঁধের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত তার বাইসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার ব্যাগে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এতে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা তার গলা চেপে ধরে জিহ্বা কেটে মারপিট করে পালিয়ে যায়।

সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।