বাংলাদেশ ও ভারতের শিল্পীদের অংশগ্রহণে ঢাকায় শুরু হয়েছে উপমহাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী শচীন দেব বর্মণকে নিয়ে উত্সব। কালজীয় সংগীতশিল্পী শচীন দেববর্মণ সংগীত শিল্পীদের কাছে ‘শচীন কর্তা’ নামে পরিচিত। বহ্নিশিখার আয়োজনে এবারের ৫ম শচীন দেববর্মণ সংগীত উত্সব।
গতকাল শুক্রবার শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী উত্সবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উত্সব উদযাপন পরিষদের আহ্বায়ক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী ফকির আলমগীর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারওয়ার এবং ঢাকায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ড. নীপা চৌধুরী।
উদ্বোধন শেষে ভারত ও বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বহ্নিশিখার শিল্পীরা গেয়ে শোনান শচীন দেবের বিখ্যাত সব গান। তারা পরিবেশন করে, ‘তুমি আর নেই সে তুমি..., নিটোল পায়ের রিনিক ঝিনিক’ দুটি সম্মেলক গান। একক সংগীত পরিবেশন করেন চন্দনা মজুমদার, তানসেন রহমান, সন্দীপন। ভারতের আসাম থেকে আগত শিল্পী মঞ্জুশ্রী দাস ও তার দল একক ও দলীয় সংগীত পরিবেশন করে। আসামের সৌমিত্র শংকর ড্যান্স গ্রুপের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।
আজ শনিবার সন্ধ্যা ছয়টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সংগীত উত্সবের দ্বিতীয় দিনে বাংলাদেশ ও ভারতের প্রখ্যাত সংগীত ও নৃত্যশিল্পীবৃন্দ উত্সবে অংশগ্রহণ করবেন।
