দায়ী ব্যক্তিদের বিচার হয়নি ছয় বছরেও

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:২৭

বহুল আলোচিত তাজরীন ফ্যাশন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ছয় বছর আজ। ২০১২ সালের ২৪ নভেম্বর রাতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের ওই কারখানায় আগুনে নিহত হন ১১২ শ্রমিক। গুরুতর আহত হন ১০৪ জন। যদিও শ্রমিক সংগঠনগুলোর দাবি, হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। কারখানাটিতে ১১শ’র বেশি শ্রমিক কাজ করতেন।

ভয়াবহ ওই দুর্ঘটনার ছয় বছর পরও গুরুতর আহতদের বেশিরভাগই দীর্ঘমেয়াদি চিকিত্সা সেবা পান নি। ফলে শারীরিক জটিলতায় তারা এখন আর গার্মেন্টস কারখানায় কাজ করতে পারেন না। এদের মধ্যে আবার একটি অংশ ক্ষতিপূরণ কিংবা বিদেশি প্রতিষ্ঠান কর্তৃক সহায়তার অর্থও পান নি বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে ছয় বছর পার হলেও এ ঘটনায় দায়ীদের এখনো বিচার হয়নি।

আহত শ্রমিকদের কয়েকজনের সঙ্গে আলাপকালে তারা দীর্ঘস্থায়ী চিকিত্সা ও পুনর্বাসনে সহযোগিতা চেয়েছেন।

শ্রমিক নেতা ও জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, দীর্ঘমেয়াদি চিকিত্সা না হওয়ায় তাজরীনের অনেক শ্রমিকই সুস্থ হন নি। ফলে তারা অনেকেই এখন কাজ করতে সক্ষম নন। এদের মধ্যে অনেকেই এখন মানবেতর জীবনযাপন করছে।

রানা প্লাজা ও তাজরীনে আহতদের চিকিত্সা ট্রাস্ট ফান্ড নামে বেসরকারিভাবে একটি কার্যক্রম চলমান রয়েছে। এই ট্রাস্টের সমন্বয়কারী কৃষ্ণ সেন ইত্তেফাককে বলেন তাজরীনে আহতদের মধ্যে ১৭২ জন তাদের কাছে তালিকাভুক্ত। এর বাইরে আরো ৭৯ জন ওই ঘটনায় আহত হিসেবে আবেদন করেছেন। তহবিলের অভাবে পুরোদমে চিকিত্সা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

শ্রমিক সংগঠনের নানা কর্মসূচি :তাজরীন অগ্নিকাণ্ডের ছয় বছর পূর্ণ হওয়া উপলক্ষে শ্রমিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সাভারের নিশ্চিন্তপুরে শ্রমিক সমাবেশ ছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ, মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া জুরাইন কবরস্থানেও নিহত শ্রমিকদের স্মরণে অনুষ্ঠান করা হবে।