পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ও মহান মে দিবস নানা আয়োজনে পালন করেছে বিভিন্ন সংগঠন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটো টেম্পু সমবায় সমিতি,হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কল্যাণ সমিতি পৃথক ভাবে স্ব স্ব কার্যালয় থেকে র্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্ব স্ব স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে পর্যায়ক্রমে স্ব স্ব সংগঠনের সভাপতি,সাধারণ সম্পাদক ছাড়া অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার , উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, জেপির উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ভাণ্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে সকালে এক র্যালি বের করে এবং বিকেলে স্থানীয় উপজেলা ভূমি অফিস সংলগ্ন সড়কে এক আলোচনা সভার পূর্বে জাতীয় ও দলীয় লাল পতাকা মিছিল শেষে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও বরিশাল ৩ আসনের (বাবুগঞ্জ-মুলাদি) এমপি এডভোকেট সেখ মো. টিপু সুলতান।
ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সাধারণ সম্পাদক মো. আ. কালাম হাওলাদার, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম জাকির, যুবনেতা মো. তরিকুল ইসলাম তিতাস প্রমুখ।
সভায় প্রধান অতিথি টিপু সুলতান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে যেমন জাতি,ধর্ম,বর্ণ ভেদাভেদ ভুলে একটি স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি । আজ যে সকল শ্রমিকদের পরিশ্রমের ফলে এই দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই অসাম্প্রদায়িক স্বাধীন দেশে শ্রমিকদের দৈনিক ৮ঘন্টা কাজের পারিশ্রমিকে যে বৈষম্য রয়েছে তা দুর করতে হবে। তিনি আরো বলেন, কৃষক,শ্রমিক, মেহনতি মানুষের পরিশ্রমের টাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ।
অথচ সেই অফিসের ৩য় অথবা ৪র্থ শ্রেণির কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি। যারা এই সকল মেহনতি মানুষের জমি দখল,পয়সা লুট করে বা অসৎ উপায়ে উপার্জন করে কালো টাকার পাহার গড়েছে তাদের রুখতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এবং পশ্চিমা বুর্জুয়া বাহিনীর অত্যাচার নিপীড়নের হাত থেকে বাঁচতে অতীতে যে ভাবে ওয়ার্কার্স পার্টি কাজ করেছে তা এখন বাড়াতে হবে এবং তার সাথে নারীর অংশগ্রহনও বাড়াতে হবে।
এম পি টিপু সুলতান আরো বলেন আগামী নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস,মানুষের মৌলিক চাহিদা এবং প্রাপ্তি সর্ম্পকেও অবহিত করতে হবে। তা না হলে আগামী প্রজন্ম একটি নতুন টেকসই পৃথিবী গড়তে অনেকাংশে ব্যর্থ হতে পারে বলেও মন্তব্য করেন।
ইত্তেফাক/সাব্বির
