পদ্মায় নৌকাডুবির দু’দিন পর ৫ লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৭, ১৭:৪৬
কালবৈশাখীতে রাজশাহীর পদ্মায় নৌকা ডুবির দুইদিন পর মঙ্গলবার সকালে নিখোঁজ দুই শিশুসহ পাঁচজনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাতটার দিকে ঝড়ে নৌকাডুবির পর থেকে লাশগুলো উদ্ধারে কাজ করছিল রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীরা। তারা হলেন- নগরীর দরগাপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে, নৌকার মাঝি সারোয়ার হোসেন রফিক (৩৬), আজাহার উদ্দিনের ছেলে, রাজশাহী কলেজের কর্মচারী রবিন (২২), ডাশমারির আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম (৩৭), শাহ্ মখদুম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঝিকড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে আবুল আহাদ (৯) এবং নগরীর পাঠানপাড়া এলাকার রুবনের ছেলে তামিম ইকবাল (৯)। 
 
এদিকে কালবৈশাখীতে নগরীর বোয়ালিয়া থানার সপুরার আজিজুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (৪৮), মতিহার থানার বেলঘরিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মুনছুর রহমান (৪০), চারঘাট উপজেলার বেলঘরিয়া শ্যামপুর গ্রামের আনসার আলীর স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার কলাবাগান এলাকার আলম আলী মুন্সির (৫০) মৃত্যু হয়েছে। এনিয়ে নৌকাডুবি ও ঝড়ে রাজশাহীতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ -এ। 
 
অন্যদিকে পদ্মায় নৌকা ডুবিতে পাঁচজনের প্রত্যেকের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে। রাজশাহী জেলা ও ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকে সরকারের পক্ষ থেকে মৃতদের দাফন ও আনুষঙ্গিক খরচ মেটাতে এ আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। 
 
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যার পর নৌকাডুবির খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে ছুটে যান। সোমবার দিবাগত গভীর রাত পর্যন্ত চেষ্টা করলেও তারা নৌকা ও লাশ উদ্ধারে ব্যর্থ হন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার ভাটিতে পদ্মার তালাইমারি জাহাজঘাট এলাকায় দুই শিশুসহ চারজনের লাশ ভেসে উঠে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ এবং পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে লাশগুলো উদ্ধার করে। তবে একজনের লাশ উদ্ধার করা হয় আরও ভাটিতে জেলার চারঘাট উপজেলার টাঙ্গন এলাকা থেকে। পরে তিনজনের লাশ পরিবারের সদস্য এবং দুই শিশুর লাশ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। 
 
জানা যায়, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের কবলে পড়লে মহানগরীর দরগাপাড়া এলাকার পদ্মা নদীতে যাত্রী ও মাঝিসহ সাতজনকে নিয়ে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার একজন মাঝি দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু ও এক নৌকার মাঝিসহ পাঁচজন নিখোঁজ হন।