বৃষ্টিদিনে গাজী ও শাইনপুকুরের জয়

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:১৯

স্পোর্টস রিপোর্টার

সকাল থেকে আবহাওয়া ভালোই ছিল। তিন ভেন্যুতেই প্রথম ইনিংসে ৫০ ওভারের খেলা দিব্যি হয়ে গেল। এরপরই আকাশ ভেঙে বৃষ্টি নামল। তাতে খেলা বন্ধ রইল তিন ভেন্যুতেই। বৃষ্টি থামার পর ফতুল্লা ও মিরপুরে খেলা হয়েছে। কমে আসা ওভারের সেই খেলায় জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

গাজী গ্রুপ ডিএল পদ্ধতিতে ৪৯ রানের ব্যবধানে হারিয়েছে উত্তরা স্পোর্টিংকে। অন্য দিকে শাইনপুকুর অঘটন ঘটিয়ে ফেলেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। গতকালের আগ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংককে ডিএল পদ্ধতিতে ৪৮ রানে হারিয়েছে শাইনপুকুর।

আগে ব্যাট করা শাইনপুকুর ২৪৫ রানের মাঝারি সংগ্রহ জোগাড় করতে পেরেছিল। মাত্র ১১ রানে সাব্বির হোসেন ও উন্মুক্ত চাঁদের উইকেট হারিয়ে ফেলে তারা। তারপর দলকে ১২৫ রানের জুটি এনে দেন তৌহিদ হূদয় ও সাদমান ইসলাম। হূদয় ১১৭ বলে ৮৩ রান করেন। অন্য দিকে ৯৪ বলে ৭৮ রান করেন সাদমান। আর শেষ দিকে শুভাগত ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

জবাব দিতে নামা প্রাইম ব্যাংকের সামনে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৪৯ রান। কিন্তু ৩০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা দলটি কখনোই লড়াই করতে পারেনি। তিন নম্বরে নামা অভিমন্নু ঈশ্বরন কেবল ৩৯ রানের একটা ইনিংস খেলেছেন।

মিরপুরে আগে ব্যাট করা গাজী গ্রুপ ৯ উইকেটে ২৩৫ রান তোলে। সামসুর রহমান শুভ সর্বোচ্চ ৫১ রান করেন। আর দুই ওপেনার মাইশিকুর রহমান ও মেহেদী হাসান ৪৪ করে রান করেন। উত্তরার বোলাররা ভালো বল করলেও মাঝারি পুঁজি পেয়ে যায় গাজী গ্রুপ।

জবাব দিতে নামা উত্তরা স্পোর্টিংয়ের সামনে লক্ষ্যটা খুব বড় ছিল না। ৩৩ ওভারে তাদের ১৮৮ রান করতে হতো। তানজিদ ও আনিসুল ইসলাম ইমন ৬২ রানের উদ্বোধনী জুটিও এনে দেন দলটিকে। কিন্তু এরপর আর পেরে ওঠেনি তারা। শেষ পর্যন্ত ৩১ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় উত্তরা স্পোর্টিং।

সংক্ষিপ্ত স্কোর:

গাজী গ্রুপ-উত্তরা স্পোর্টিং

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৫০ ওভারে ২৩৫/৯ (সামসুর ৫১, মাইশিকুর ৪৪, মেহেদী ৪৪, ইমরুল ২০; রশীদ ৩/৪৩, ইমন ২/৩২, পায়েল ২/৪০, হুমায়ুন ২/৪০)।

উত্তরা স্পোর্টিং ক্লাব (লক্ষ্য ৩৩ ওভারে ১৮৮): ৩১ ওভারে ১৩৮/১০ (ইমন ৫০, শাকির ২৮; সঞ্জিত ৪/২০, কামরান ২/৩১, মেহেদী ২/৩৩)।

ফল: গাজী গ্রুপ ৪৯ রানে জয়ী (ডিএল পদ্ধতি)।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান।

শাইনপুকুর-প্রাইম ব্যাংক

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৪৫/৮ (হূদয় ৮৩, সাদমান ৭৮, শুভাগত ৪৪*; আরিফুল ৩/৩৭, মনির ২/২০, আল আমিন ২/৩৮)।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (লক্ষ্য ২০ ওভারে ১৪৯): ২০ ওভারে ১০০/৯ (ঈশ্বরন ৩৯; দেলোয়ার ৩/১৬, সাব্বির হোসেন ২/১১)।

ফল: শাইনপুকুর ৪৮ রানে জয়ী (ডিএল পদ্ধতি)। ম্যাচ অব দ্য ম্যাচ: তৌহিদ হূদয়।