রাত করে ফেরার বিপদ!

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:২০

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান দলে ফেরার এক সপ্তাহ পার হতে না হতেই আবারো নতুন করে ঝামেলায় পড়লেন উমর আকমল। এবার তিনি গিয়েছিলেন একটা মিউজিক কনসার্টে। হিপ হপ তারকা অ্যাকনের সেই কনসার্ট শেষ করে টিম হোটেলে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল।

ব্যাপারটাকে সহজভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাটসম্যানকে তাই জরিমানার মুখে পড়তে হয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডের ঠিক আগের রাতে এই ঘটনা ঘটান। পিসিবি তাই তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নিয়েছে।

আকমল শুধু কনসার্টে ছিলেনই না, একটা ভিডিও করে সেটা টুইটারে পোস্টও করেছেন। তিনি অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই কোনো শুনানির প্রয়োজন পড়েনি।

পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান বলেন, ‘আমরা সন্তুষ্ট যে আকমল তার দোষ বুঝতে পেরে শাস্তি মেনে নিয়েছে। নিজের অপেশাদার আচরণের জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এসব ব্যাপারে আমরা কখনোই ছাড় দেবো না। পিসিবি খেলোয়াড়দের কাছ থেকে সব সময় চূড়ান্ত পেশাদারিত্ব ও মনোযোগ আশা করে।’

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পারফরম্যান্সের সুবাদে আকমলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছিল। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর মাত্র এক সপ্তাহ আগে ফিটনেস টেস্টে ব্যর্থ হওয়ায় তাকে দেশে ফেরত পাঠানো হয়।

যদিও এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেও খুব বড় কিছু করতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে করেছেন মাত্র ১৫০ রান। বিশ্বকাপের দলে তাই তার জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম বললেই চলে। এদিকে পাকিস্তানের কোচ মিকি আর্থার সাফ বলে দিয়েছেন যে, বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার জন্য ক্রিকেটারদের আগামী ১৪ এপ্রিলের মধ্যে নিজেদের ফিটনেসের পরীক্ষা দিতে হবে। সেখানে অংশ নিতে হবে আকমলকে। এরপরই ঘোষণা করা হবে পাকিস্তানের বিশ্বকাপ দল।