আর্সেনাল ২ :
নিউক্যাসল ০
স্পোর্টস ডেস্ক
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে মৌসুমে প্রথমবারের মতো তৃতীয় স্থানে উঠে এসেছে। শিষ্যদের এমন কীর্তির পর উচ্ছ্বাস প্রকাশ করলেও কোচ উনাই এমেরি আসন্ন ম্যাচগুলো মাথায় রেখে দলকে সতর্ক করে দেন।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত সোমবার রাতে ১২তম মিনিটে আর্সেনাল প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল। কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডারকে এর আগেই সক্রেটিস পাপাস্টাঠোপোলুস ফাউল করলে অধিনায়ক অ্যারন রামসের প্রয়াসটি বাতিল হয়। স্বাগতিকরা অবশ্য ২৯তম মিনিটে র্যামসের গোলেই এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের বাড়ানো বলে আলেক্সান্ডার লাকাজেত গোল করলে নিজেদের মাঠে টানা দশম জয় নিশ্চিত হয় আর্সেনালের। ১৯৯৮ সালের মে মাসের পর একই মৌসুমে নিজেদের মাঠে এমন দাপট আর কখনো দেখাতে পারেনি গানাররা। এমন ধারাবাহিক নৈপুণ্যের ফল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে টপকে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে কোচ উনাই এমেরির দল।
এমেরি জয়ের পর বিবিসির মুখোমুখি হয়ে বলেন, ‘প্রতিটি ম্যাচই কঠিন। আমরা আজ তিন পয়েন্ট অর্জনে সক্ষম হয়েছি, সেটাই আমাদের হয়ে কাজটা করে দিয়েছে। টানা জয়ের চ্যালেঞ্জটা দারুণ। এটা নতুন এক ইতিহাস আর আমরা আমাদের মতো করে সেটা সৃষ্টি করছি।’
তালিকার তিনে উঠে আসার মুহূর্তটাকে দারুণ আখ্যা দিলেও প্রতিপক্ষের নিত্য-নতুন চ্যালেঞ্জ ও শীর্ষ চারের প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারেও সতর্ক এমেরি। তিনি বলেন, ‘আমরা দারুণ মুহূর্তে আছি কিন্তু প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা নিয়ে হাজির হয়। আমরা ক্রমান্বয়ে উন্নতি করছি। আজ আমরা তৃতীয় স্থানে আছি, কিন্তু এভারটনের বিপক্ষে পরবর্তী ম্যাচটা কঠিন এবং আমাদের প্রতিদ্বন্দ্বীরা অনেক ম্যাচ জিততে চলেছে।’
প্রায় দুই মৌসুম পর টানা তিন ম্যাচে নিজেদের জালে কোনো বল যায়নি আর্সেনালের। রক্ষণে এমন উন্নতির ব্যাপারটিকেও গুরুত্ব দিয়ে দেখছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, ‘পুরো নব্বই মিনিটজুড়েই আমরা বেশ ধারাবাহিক ছিলাম। কোনো গোলের সুযোগ দিইনি বরং অনেক সুযোগ সৃষ্টি করে ম্যাচে কর্তৃত্ব স্থাপন করেছি। আমরা বেশ খুশি।’
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষ রক্ষণে ত্রাস ছড়ানো অধিনায়ক রামসে দ্বিতীয়ার্ধে চোট নিয়ে মাঠ ছাড়েন। চোটটি তেমন গুরুতর নয় বলেই আশা করছেন এমেরির। তিনি বলেন,‘আমি আশা করবো রামসের চোট বেশি গুরুতর নয়। ডাক্তাররাও মনে করছেন এটা ছোট এক ইঞ্জুরিই।’
