পরের মৌসুমেও ভারানকে চান জিদান

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:২১

অনিশ্চিত বেল

 স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান জানিয়েছেন তার স্বদেশি ডিফেন্ডার রাফায়েল ভারানকে ছাড়ার ব্যাপারে কল্পনাও করতে পারে না তার দল। দলে আরেক তারকা গ্যারেথ বেলের ভবিষ্যত্ ধোঁয়াশায় থাকলেও তার ব্যাপারে কোনো মন্তব্য করেননি জিদান।

ভারান ২০১১ সালে দলে আসার পর রিয়ালে দুটি লিগ শিরোপা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। গেল মাসে ফরাসি সংবাদপত্র লেকুইপ জানিয়েছিল বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডার রিয়ালের সঙ্গে আট বছরের সম্পর্ক চুকিয়ে ফেলার ব্যাপারে আগ্রহী। তবে আজ রাতে ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবার আগে জিদান সেসব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।

ফরাসি এই কোচের ভাষায়, ‘ভারানকে ছাড়া আমাদের ভবিষ্যত্ কল্পনাও করতে পারি না এবং আমি এটা (কল্পনা) করতেও চাই না। সে একজন তরুণ খেলোয়াড়। সে এখানে আট বছর ধরে আছে এবং এখানে সে দারুণ খেলছে।’

তিনি আরও বলেন, ‘বাইরে কি বলা হয়েছে তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে খেলোয়াড় আমাকে কি বলেছে এবং এখন পর্যন্ত সে বিশ্বের সেরা ক্লাবে আছে। সে এখানে অনেক কিছু জিতেছে এবং আমি মনে করি সে ভালো অবস্থানেই আছে।’

চোট আর ফর্মহীনতার মিশেলে রিয়াল একটি বাজে মৌসুমই কাটাচ্ছেন বেল। রবিবার হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোল জেতা ম্যাচে খুব কাছ থেকে পাওয়া এক সুযোগ নষ্ট করেছিলেন তিনি। নিজ দর্শকদের দুয়োও শুনেছিলেন ওয়েলস ফরোয়ার্ড।

বেলের প্রতি সমর্থকদের অসহযোগিতার ব্যাপারটি স্বীকার করে জিদান বলেন, ‘আমি জানি না এটা তার উপর কেমন প্রভাব ফেলবে কিন্তু খেলোয়াড়কে দুয়ো দেয়া কখনোই ভালো ব্যাপার নয়। তারা আমাকেও দুয়ো দিয়েছিল কিন্তু আপনাকে এমন প্রতিক্রিয়া মেনে নিতে হবে এবং এখানে থাকা প্রতিটি খেলোয়াড়ের সে প্রতিক্রিয়া সামলে নেবার মতো চারিত্রিক দৃঢ়তা আছে।’

তবে তার ভবিষ্যত্ নিয়ে কিছু পরিষ্কার জানাননি ফরাসী কোচ। জিদানের ভাষায়, ‘গ্যারেথ এবং দলের অন্য খেলোয়াড়দের ভবিষ্যত্ নিয়ে আমরা মৌসুমের শেষে সিদ্ধান্ত নেব । এখনো মৌসুমের নয়টি খেলা বাকি এবং সেটা শেষ হলেই আমরা দেখবো। আমি নিশ্চয়টা দিতে পারি যে, আমরা পরবর্তী মৌসুমের জন্য পরিবর্তন আনবো কিন্তু এখন তা নিয়ে কথা বলার সময় নয়।’