জেলে পরিবারে সন্ত্রাসী হামলা, খোলা আকাশের নিচে বসবাস

আপডেট : ০৩ মে ২০১৭, ১৯:৩২
 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু জেলে পরিবারগুলো খোলা আকাশের নিচে অনাহারে বসবাস করছে।
 
বুধবার গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে পরিবারগুলো তাদের বাড়িঘর ফেরতসহ ক্ষতি পূরণের দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, বিনতি রাণী, বাসনা রাণী প্রমুখ। এসময় নারী ও শিশুরা কান্নায় ভেঙ্গে পড়ে, কেউ কেউ রাস্তায়ও শুয়েও পড়েন।
 
ওই গ্রামের স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতা এমদাদুল হকের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী ১২টি পরিবারের উপর তাণ্ডব চালিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় বলে মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন।
 
এমদাদুল হক সাড়ে ৯বিঘা জমি নিজের দাবি করে মঙ্গলবার দুপুরে সংখ্যালঘু জেলে সম্প্রদায় অধ্যুষিত ওই গ্রামে হামলা চালিয়ে ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে। এসময় তাদের ঘর ভাঙচুর, গৃহস্থালি জিনিসপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। দুর্বৃত্তদের মারপিটে নারী-শিশুসহ আটজন আহত হয়েছেন।
 
ইত্তেফাক/জামান