বরগুনায় স্বেচ্ছায় সড়ক সংস্কার করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে স্থানীয় জনগণ। কাকচিড়া ফেরীঘাটে উঠার রাস্তায় দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকায় এই সড়ক দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষকে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে রোগীদের বেশি কষ্ট পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর বুধবার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজে নেমে পড়ে। সফলভাবেই সড়কটি সংস্কার করে তারা।
স্থানীয়রা জানান, কাকচিড়া ফেরীঘাটে উঠার রাস্তায় আগে হরহামেশা গর্তে গাড়ি আটকে যেতো। গাড়ি উল্টে পড়ার ঘটনাও ঘটেছে। অনেক যাত্রী আহতও হয়েছে। এমন অবস্থায় সড়কটি সংস্কার হওয়ার হাফ ছেড়েছেন যাতায়াতকারীরা।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান লিমন বলেন, সারাদেশেই ছাত্রলীগের নেতাকর্মীরা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় বরগুনার কাকচিড়া ফেরীঘাটে উঠার রাস্তা মেরামত করেছে বরগুনা জেলা ছাত্রলীগ। সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য ধন্যবাদ তাদের।
