চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই গতবারের চেয়ে কমেছে। চট্টগ্রাম বোর্ডে এবারও শীর্ষ স্থান ধরে রেখেছে কলেজিয়েট হাই স্কুল। দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়। চট্টগ্রাম বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। ১ লাখ ১৭ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৯ হাজার ২২৬ জন। চট্টগ্রাম বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ৯৯ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডের কর্মকর্তারা জানান, পার্বত্য এলাকার স্কুলগুলোর অধিকাংশ শিক্ষার্থী গণিত ও ইংরেজি বিষয়ে খারাপ করেছে। এর ফলে গড়ে পাসের হার কমেছে। জানা যায় ৫৬টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একটি মাত্র স্কুল ফটিকছড়ির নারায়ণহাট গার্লস স্কুল থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এই স্কুল থেকে ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ছিল।
নগরীর নামী-দামী স্কুলগুলো বরাবরের মতো তাদের সুনাম অক্ষুণ্ন রেখেছে। জিপিএ ৫-এর ক্ষেত্রে কলেজিয়েট ও মুসলিম হাই স্কুলের পর তৃতীয় স্থানে ডা. খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ে পেয়েছে-২৮৪ জন, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়ে ২৮০ জন, নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২২২ জন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ১৯৬ জন, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৯৫ জন, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৯৩ জন, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে ১৩৪ জন।
বিজ্ঞান জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৩ জন, ব্যবসা শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৮৬৮ জন ও মানবিকে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। বোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫ শতাংশ। আর গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৫০২ জন।
জানা যায়, বিজ্ঞান ও ব্যবসা শিক্ষায় এবার পাসের হার ঠিক থাকলেও মানবিকে গতবারের চেয়ে ১০ শতাংশ কম পাস করেছে। এবার বিভাগ অনুযায়ী পাসের হার বিজ্ঞানে ৯২ দশমিক ০৭ শতাংশ, ব্যবসা শিক্ষায় ৮৬ দশমিক ৪৪ শতাংশ ও মানবিকে ৭৩ দশমিক ৩৬ শতাংশ।
ইত্তেফাক/নূহু
