দেশে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয় ৪৫ শতাংশ ছাত্রী

আপডেট : ০৫ মে ২০১৭, ০০:২৫

দেশে মাত্র ৪৫ শতাংশ ছাত্রী উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশুনার জন্য ভর্তি হয়। এ ক্ষেত্রেও ক্লাসে উপস্থিতির হার তাদের অনেক কম। ২০১৬ সালে ইউনিসেফের করা গবেষণা থেকে এ তথ্য জানা যায়। আইন ও সালিশ কেন্দ্রের দেওয়া তথ্যমতে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৯১ জন নারী তাদের স্বামীর হাতে মৃত্যুবরণ করেন।

গত বুধবার রাজধানীর একটি হোটেলে ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার’ শীর্ষক দিনব্যাপী নলেজ ফেয়ারে এসব কথা জানা যায়। অনুষ্ঠানে দেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কর্মরত সংস্থাগুলোকে নিয়ে আলোচনার আয়োজন করে শেয়ার-নেট বাংলাদেশ। এতে সহায়তা করে ‘রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ও জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বাংলাদেশ’।

গবেষণায় আরো জানানো হয় যে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা গেছে, ২০১৬ সালে মোট ৭ হাজার ৪৮৯ নারী ও বালিকা বিভিন্ন রকম সহিংসতার শিকার হয়েছেন। বাংলাদেশে বাল্যবিয়ের হার কমে আসলেও, এখনও ৫২ শতাংশ মেয়ের ১৮ বছর বয়েস হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। ২০১৪ সালে ইউএস এইডের তথ্য মতে, ১৫ বছর বয়সের আগেই ৫০ শতাংশ বিবাহিত কিশোরী গর্ভধারণ করে, তাদের মধ্যে ২২ শতাংশ সন্তান জন্মদান করে। বাংলাদেশে বয়ঃসন্ধিকালের কিশোরীদের চেয়ে কিশোররা অনেক কম মনোযোগ পায়। বাংলাদেশে এই বয়সী মানুষের সংখ্যা প্রায় ১৬ দশমিক ১০ কোটি। ইউএসএইডের এক রিপোর্টে দেখা যায় ২০১৬ সালের ৩২টি প্রকল্পের মধ্যে ১১টি কিশোরীদের লক্ষ্য করে, বাকি ২১টি কিশোর-কিশোরী উভয়কে লক্ষ্য করে করা হয়েছে।

ইউএনএফপিএ জানায়, প্রতিবন্ধী নারীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার থেকে বঞ্চিত হন, তাদের মধ্যে ৫০ শতাংশের বিয়ে হয় না ও তারা পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়ান। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

নলেজ ফেয়ারে তিনটি সেশন অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হচ্ছে— বাল্য বিবাহ, যৌন সহিংসতা ও মাসিক নিয়মিতকরণ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেদারল্যান্ডস দূতাবাসের হেড অব মিশন, মারতিনো ভ্যান হুগস্ত্রাতেন, শেয়ার নেট ইন্টারন্যাশনালের কান্ট্রি কো-অরডিনেটর ক্যারেন হোফট, রেড অরেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক অর্ণব চক্রবর্তী, বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের এসআরএইচআর ও জেন্ডার বিষয়ক ফার্স্ট সেক্রেটারি ড. আন্নি ভেসচেন প্রমুখ।

ইত্তেফাক/নূহু