বিজেপি নেতার মন্তব্য নিয়ে বিতর্ক
বিজেপিকে বিশ্বাস করে না মুসলিমরা, আর সে কারণেই তাদেকে নির্বাচনে প্রার্থী করে না দলটি। মুসলিমদের সম্পর্কে এমন বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা কে এস এশ্বরাপ্পা।
তফশিলি সমপ্রদায় কুরুবার প্রতিনিধি এশ্বরাপ্পা। উত্তর কর্নাটকের কোপ্পালে কুরুবা এবং সংখ্যালঘু সমপ্রদায়ের এক জনসভায় গিয়েছিলেন এই বিজেপি নেতা। সেখানে সংখ্যালঘু সমপ্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘কংগ্রেস আপনাদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করে। কিন্তু ভোটে লড়ার টিকিট দিয়েছে কখনও?’ এরপরই বিতর্কিত মন্তব্যটি করেন এশ্বরাপ্পা। বলেন, ‘কর্নাটকে আমরা মুসলিমদের টিকিট দিই না কেন জানেন? কারণ, তারা আমাদের বিশ্বাস করে না।’ উল্লেখ্য, কর্নাটকে দুই দফায় ২৮টি আসনে লোকসভা নির্বাচন হবে। প্রথম দফা ১৮ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৩ এপ্রিল। খবর আনন্দবাজার পত্রিকার
মুসলিমরা যদি বিজেপিকে বিশ্বাস করে, তাদের উপর আস্থা রাখে, তাহলে শুধু টিকিট কেন সব রকম সুবিধা দেওয়া হবে বলেও দাবি করেন এশ্বরাপ্পা। এই প্রথম নয়, এর আগেও মুসলিম ও নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন এশ্বরাপ্পা। ২০১৫ সালে এক নারী সাংবাদিককে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘যদি তাকে কেউ টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তখন বিরোধীরা কী করবে?’ এই মন্তব্যের পর তুমুল সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
বার বার বিতর্কের মুখে পড়েছেন, তারপরেও বিতর্ক তৈরি করেছেন এশ্বরাপ্পা। ২০১৮ সালে ফেব্রুয়ারিতেই রাজনৈতিক হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে মুসলিমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। তখন তিনি বলেন, ‘যেসব মুসলিম আরএসএস ও বিজেপি কর্মীদের খুন করেছে তারা কংগ্রেসের। আর যারা ভাল মুসলিম তারা বিজেপির।’
