মাগুরায় মেয়ের উত্যক্তকারীকে কুপিয়েছে বলে এক মায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। শনিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
ওই মেয়ের মা অভিযোগ করেন, শৈলকূপা উপজেলার আলফাপুর গ্রামের অসিত অধিকারীর ছেলে কৃষ্ণ অধিকারী (২৪) দীর্ঘদিন ধরে মাগুরার শ্রীপুর কলেজের ছাত্রী তার মেয়েকে উত্যক্ত করে আসছে। এ ঘটনার আগে শ্রীপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কৃষ্ণকে ধরে পুলিশে সোপর্দ করেছিলো।
এতে মান সম্মানের ভয়ে মামলা না করায় একদিন হাজতবাসের পর সে ছাড়া পেয়ে যায়। কিন্তু তার মেয়ের পিছু ছাড়েনি ওই যুবক। সর্বশেষ শনিবার দুপুরে পরীক্ষা দিতে আসার পথে মটর সাইকেলে পিছু নেয় কৃষ্ণ। এরপর বখাটেপনা করার জন্য উপস্থিত জনগণ ওই যুবককে মারপিট করেন বলে ওই ছাত্রীর মা দাবী করেন।
ঘটনা স্থলে উপস্থিত রমজান আলী নামে এক ব্যবসায়ী জানান, একজন নারী ৪-৫জন ছেলেকে ডেকে এনে এক যুবককে কলেজের ভেতরে ধরে আনেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তিনি তাকে কুপিয়ে জখম করেন। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে রেখে সেখান থেকে পালিয়ে যায়।
কৃষ্ণ অধিকারী দাবী করেন, ওই মেয়ের সঙ্গে তার আগে একবার ঝামেলা হয়েছিলো। শ্রীপুর থানায় শালিস করে তিনি তা মিটিয়ে ফেলেন। তবে আজকের বিষয়ে তিনি কিছুই জানে না। নিজ বাড়ি থেকে তিনি মাগুরায় এসেছিলেন মটর সাইকেল সার্ভিসিং করাতে।কলেজের সামনে চা খেতে বসেছিলেন। হঠাৎ ওই মহিলা এসে কয়েক যুবক দিয়ে তাকে ধরে নিয়ে যান। পরে তাদের সহযোগিতায় তিনি চাপাতি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় দৌড়ে পালিয়ে মাগুরা হাসপাতালে এসে আশ্রয় নেন বলে জানান কৃষ্ণ।
সদর থানার ওসি অপারেশন রফিকুল ইসলাম বলেন, 'পুলিশের নজরদারীতে মাগুরা হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।'
ইত্তেফাক/জামান
