রাজ্জাকের ৫ উইকেট ম্লান করে দিলো রবির সেঞ্চুরি

আপডেট : ০৬ মে ২০১৭, ২০:২৯
ইনিংস উদ্বোধন করতে নেমে ১০৩ রানের ইনিংস খেলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে জয়ের স্বাদ দিলেন রবিউল ইসলাম রবি। এতেই ম্লান হয়ে গেলো আব্দুর রাজ্জাকের ৫ উইকেট। ফলে রবির সেঞ্চুরিতে খেলাঘর ২০ রানে হারিয়েছে রাজ্জাকের শেখ জামালকে। লীগে সপ্তম ম্যাচে তৃতীয় জয়ের স্বাদ নিলো খেলাঘর। পক্ষান্তরে সমানসংখ্যক ম্যাচে তৃতীয় হারের স্বাদ পেলো শেখ জামাল।
 
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে খেলাঘর। রবির ১২৬ বলে ১০৩, অমিত মজুমদারের ৫৮ রানের কল্যাণে ৮ উইকেটে ২৬৬ রান করে খেলাঘর। রবির ইনিংসে ১০টি চার ও ২টি ছক্কা ছিলো। শেখ জামালের অধিনায়ক রাজ্জাক ৫২ রানে ৫ উইকেট নেন। লীগে এই নিয়ে দ্বিতীয়বারের মত ৫ উইকেট নিলেন তিনি। 
 
জবাবে রাজিন সালেহ ও জিয়াউর রহমানের ব্যাটিং দৃঢ়তায় জয়ের পথেই ছিলো শেখ জামাল। কিন্তু তাদের বিদায়ের হার নিশ্চিত হয়ে যায় শেখ জামালের। ১৬ বল বাকি রেখে ২৪৬ রানেই গুটিয়ে যায় তারা। সালেহ ৭৬ ও জিয়াউর ৭৫ রান করেন। খেলাঘরের তানভীর ইসলাম ৪১ রানে ৪ উইকেট নেন। ম্যাচের সেরা হন খেলাঘরের রবি। বাসস।
 
ইত্তেফাক/রেজা