ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব জায়গা থেকে অনিয়ম দূর করার চ্যালেঞ্জে লড়ে যাচ্ছেন মেয়র আনিসুল হক। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ, গাবতলীতে অবৈধ পার্কিং বন্ধ করা এবং সর্বশেষ দূতাবাসপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা তার যুগান্তকারী পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।
আনিসুল হকের আরো কিছু সফল পদক্ষেপের মধ্যে রয়েছে নগরীর সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন। উন্মুক্ত স্থান, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ। সড়কবাতি স্থাপন, সড়ক ও ফুটপাত নির্মাণ, সংস্কার ও পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা নিরসনে পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা প্রভৃতি।
দায়িত্ব গ্রহণের দুই বছর পার করা প্রসঙ্গে মেয়র আনিসুল হক বলেন, রাজপথে মানুষের দৃষ্টিসীমার পুরোটা জুড়ে ছিল নানা আকারের রংবেরঙের বিলবোর্ড। রাস্তার পাশে, ভবনের ছাদে কিংবা দেয়ালে হাজার হাজার বিলবোর্ড শহরের সৌন্দর্য ম্লান করে দিয়েছিল। সেই চিরচেনা রূপ বদলে গেছে। গত দুই বছরে ২০ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। মানুষ আজ চোখ মেলে বিলবোর্ডের বদলে খোলা আকাশ দেখতে পায়।
মেয়র বলেন, গাবতলী আর আমিনবাজারের অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়েছে। ফলে সেখানে ঘণ্টাখানেক যানজটে আটকে থাকাটা এখন কেবলই অতীত স্মৃতি। তেজগাঁও সাতরাস্তা থেকে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করা সম্ভব হয়েছে, সেখানে এখন সুপ্রশস্ত সুন্দর রাস্তা।
ইত্তেফাক/ইউবি
