হিজলায় চর দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত

আপডেট : ০৬ মে ২০১৭, ২৩:২২

হিজলায় খাস জমি দখল ও ফসল লুট নিয়ে সংঘর্ষে মোসলেম সরদার নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০/১২ জন। ২০/২৫টি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। উপজেলার চর আবুপুরে গত শুক্রবার এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শাহে আলম, চাঁনবক্স হাওলাদার ও আলীম দেওয়ান নামে তিনজনকে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিজলা থানা পুলিশ শাহাদাত সিকদার, মিরাজ সরদার ও হারুন মুন্সী নামে তিন ভাড়াটে লাঠিয়ালকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে ৫টি ট্যাটা উদ্ধার করা হয়েছে। তারা পার্শ্ববর্তী মুলাদী উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরে ১২শ’ একর খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে সোহরাব সিকদারের পক্ষে তিন শতাধিক লাঠিয়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চারটি ট্রলারযোগে ফসলসহ চর দখল নিতে আসে। তারা চর আবুপুর গ্রামের শেখ মুজিব বাজারে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে চরের ২০/২৫টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ২০ থেকে ২৫টি গরুসহ মূল্যবান মালামাল লুট করে। প্রতিরোধ করতে এলাকার ভূমিহীন কৃষকরা এগিয়ে এলে তাদেরকে লাঠিয়ালরা লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে অন্তত ১২ জন আহত হয়। আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শেবাচিম হাসপাতালে আনার পর মোসলেম সরদার মারা যান। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ জানায়, চর আবুপুরের ১২শ’ একর খাস জমি ভূমিহীন কৃষকের মাঝে দেড় একর করে বরাদ্দ রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে আসছে চর আবুপুর গ্রামের উত্তরপাড় এলাকার সোহরাব সিকদার, হান্নান বেপারী, সালাম মুন্সী, মোতাহার বেপারী ও খালেক মৃধাসহ বেশ কয়েকজন। এ নিয়ে তাদের সাথে দক্ষিণপাড়ের বাসিন্দা ইউপি সদস্য মজিবর রহমান সরদার ও খাস জমি বরাদ্দ পাওয়া ভূমিহীন কৃষকদের বিরোধ চলছিল। উভয়পক্ষ জমির দখল পেতে আদালতে মামলাও করেছে। চরের জমি নিয়ে একাধিক মামলা বর্তমানে আদালতে।

হিজলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ভাড়াটিয়া লাঠিয়ালদের বেশ কয়েকজন পার্শ্ববর্তী মুলাদী উপজেলার বাসিন্দা। তাদের নিয়ে হিজলার সিংহভাগ লাঠিয়াল দুর্গম চরে পালিয়ে গেছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ইত্তেফাক/নূহু