সারা দেশের প্রতিটি ইউনিটের নেতাকর্মীর হাতে বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটি পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বইটি বিতরণ ও আলোচনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা চাই ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ‘কারাগারের রোজনামচা’ বইটি কিনে পড়ুক। সর্বস্তরের নেতা-কর্মীর হাতে এই বইটি পৌঁছে দেয়ার চেষ্টা করবো।
তিনি বলেন, আজ থেকে এই বই বিতরণ শুরু হল। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে যেসব বই ছিল, আমরা নিয়ে এসেছি। এরপর প্রতিটি ইউনিটে এই বই বিতরণ কার্যক্রম চালবে।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি কাজী এনায়েত, আরিফুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক বিএম এহতেশাম, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও মহানগর দক্ষিণ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, উপ স্কুল বিষয়ক সৈয়দ আরাফাত প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
