চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের অভিজ্ঞতা আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাহায্য বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ঘরোয়া টুর্নামেন্ট আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে উইলিয়ামসন।
কিউই অধিনায়ক বলেন, ‘আইপিএলের অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ কাজে দেবে। আইপিএল অনেক বড়, জনপ্রিয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট। তাই এ টুর্নামেন্ট দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আমি মনে করি।’
এবারের আইপিএলে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলছেন উইলিয়ামসন। গেল আসরের চ্যাম্পিয়ন হায়দারাবাদের হয়ে ৫টি ম্যাচ খেলে নিজের সেরাটাই দিয়েছেন তিনি। দু’টি হাফ- সেঞ্চুরিতে ৫৭ গড়ে ২২৮ রান করেছেন উইলিয়ামসন। তাই আইপিএল দিয়েই নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেড়ে নিয়েছেন বলে জানান তিনি, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইপিএলের মত বড় প্লাটফর্মে খেলতে পারাটা অনেক বড় ব্যাপার। কারণ এটি বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। এখানে বিশ্বের বড় বড় তারকারা অংশ নেয়। এখানে ভালো খেলতে পারলে, নিজের অভিজ্ঞতা বেড়ে যায়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমার ও অন্যান্য নিউজিল্যান্ড খেলোয়াড়দের প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে ধারণা করছি।’
আইপিএলের অভিজ্ঞতা নিউজিল্যান্ড খেলোয়াড়দের উপকার করবে বলে মনে করেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘এখানে যারা খেলতে পেরেছে সবারই অভিজ্ঞতা বেড়েছে। এই অভিজ্ঞতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালোভাবে কাজে লাগাতে পারবে সকলে। ঠিক তেমনি নিউজিল্যান্ডের সব খেলোয়াড়েরও অভিজ্ঞতাও হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে এই অভিজ্ঞতা দারুণ কাজে দিবে। নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে এই অভিজ্ঞতা আমরা আমাদের দলের বাকী খেলোয়াড়দের সাথে শেয়ার করতে পারবো। এতে তারাও বেশ উজ্জীবিত হবে এবং নিজেদেরকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে।’ ক্রিকইনফো।
ইত্তেফাক/সাব্বির
