ডাকসু ভিপি নুর লাঞ্ছিত ডিম নিক্ষেপ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৪০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করার পর তাকে লাঞ্ছিত করা হয়েছে। একদল শিক্ষার্থী নুর এর ওপর ডিম নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধরের ঘটনায় ভিপি নুর সঙ্গীদের নিয়ে প্রতিবাদ জানাতে গেলে অবরুদ্ধ হন। পরে সন্ধ্যা সাতটার দিকে প্রাধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে নুরকে হল থেকে বের করে আনতে গেলে তখন নুরসহ তার সঙ্গীদের ওপর গণহারে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ দিকে কারা তার ওপর ডিম নিক্ষেপ করেছে এ নিয়ে ভিন্ন ভিন্ন অভিযোগ পাওয়া গেছে। সাধারণ ছাত্ররা এ ঘটনার জন্য হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করছেন। অপর দিকে এসএম হলের ভিপি কামাল হোসেন দাবি করেছেন, ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে নুরের ওপর ডিম নিক্ষেপ করেছে।

জানা গেছে, গত সোমবার রাতে এসএম হলের আবাসিক শিক্ষার্থী মো. ফরিদ হাসানকে মারধর করে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ। এই ঘটনার প্রতিবাদে ডাকসু ভিপি নুর এর উপস্থিতিতে ফরিদ হাসানের সহপাঠীরা গতকাল বিকালে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে নুরের সঙ্গে সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ প্যানেল থেকে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া নেতারাও এই ঘটনার প্রতিবাদ জানাতে এসএম হলে প্রবেশ করেন। নুর এসএম হলে প্রবেশ করার পরপরই হল শাখা ছাত্রলীগ সভাপতি তাহসান হোসেন রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপসের নেতৃত্বে তাদের অবরুদ্ধ করা হয়। এসময় হল সংসদের অনুমতি না নিয়ে হলে প্রবেশ করায় নুরকে গালিগালাজ করেন হল সংসদের ভিপি কামাল হোসেন এবং জিএস জুলিয়াস সিজার তালুকদার। তখন তাদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। হল প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার সেখানে উপস্থিত হয়ে সাতটার দিকে নুর ও তার সঙ্গীদের নিয়ে হল থেকে বের হন। এ সময় তাদের গায়ে ডিম নিক্ষেপ করা হয়। এ বিষয়ে রাতে নুর বা তার সঙ্গীরা ভিসি’র বাসভবনের সামনে বিচারের দাবিতে অবস্থান করেছে।