জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরাম নেতা মোকাব্বির খান অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে তার কার্যালয়ে মোকাব্বিরকে শপথ পাঠ করান।
গণফোরামের মনোনয়নে ও বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুরও নানা নাটকীয়তা শেষে গত ৭ মার্চ এমপি হিসেবে শপথ নেন। মোকাব্বিরেরও ওইদিন একসঙ্গে শপথ নেওয়ার কথা ছিল। তবে দলীয় সিদ্ধান্তের কারণে সেদিন তিনি শপথ নেননি।
শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকাব্বির খান বলেন, আমি দল থেকে অনুমতি নিয়েই এখানে এসেছি। আমার ৭ মার্চ শপথ নেওয়ার কথা ছিল। তখনো যে প্যাডে যে প্রক্রিয়ায় আমি সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছিলাম, একই প্রক্রিয়া অনুসরণ করে প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়ে সংসদে এসেছি এবং শপথ গ্রহণ করেছি। দলের প্যাডে লেখা চিঠি দেখিয়ে তিনি বলেন, এখানে বিতর্কের সুযোগ নেই। যারা আসলে বিতর্কের জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন— আমি মনে করি, তারা একটা বিশেষ মহলের উদ্দেশ্য হাসিল করছেন অথবা তারা মানসিকভাবে বিপর্যস্ত। এসময় তার পাশে থাকা গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব) আমিন আহমেদ আফসারী দলীয় লেখা প্যাডের চিঠি সাংবাদিকদের দেখান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিএনপি করি না, গণফোরাম করি। আমি ঐক্যফ্রন্টের প্রার্থীও ছিলাম না। আমি গণফোরামের মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করেছি। গণফোরামের সাথে বিএনপির একটা নির্বাচনী ঐক্য ছিল, কিন্তু আমি সেই ঐক্যপ্রক্রিয়া থেকে নির্বাচন করিনি। আমার অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, সংসদে আমার ভূমিকা হবে শতভাগ বিরোধী দলীয়।
