কুষ্টিয়ায় তিন দিনব্যাপী কবিগুরুর জন্মজয়ন্তী উত্সব শুরু

আপডেট : ০৯ মে ২০১৭, ০০:৪৮

গানে গানে স্মরণের মধ্য দিয়ে বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তি উত্সব। সোমবার সকালে রবীন্দ্র স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ির মূল আঙ্গিনায় হাজার হাজার মানুষের ঢল নামে। উদ্বোধনী দিনে গতকাল সোমবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল-আলম হানিফ।

কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় স্মারক বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আসহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর আলহাজ উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান। অন্যান্যের মধ্যে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রহমান, জাতীয় রবীন্দ্র সম্মিলনী পরিষদের সভাপতি আলম আরা জুঁই, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে শুরু হয় রবীন্দ্র সংগীতের জমকালো জলসা।

জেলার প্রায় ৫০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় গান, কবিতা আবৃতি ও নাট্যানুষ্ঠান উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনের অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র ভক্ত-অনুরাগীসহ দর্শনার্থীদের আগমনে কুঠিবাড়ি চত্বর মুখরিত হয়ে উঠেছে। মূল অনুষ্ঠান ছাড়াও কুঠিবাড়ি সংলগ্ন গ্রামীণ মেলা দর্শকদের এনে দেয় ভিন্নরকম আনন্দ ও বৈচিত্র্য। অনুষ্ঠানে বৈশাখের খরতাপ উপক্ষো করে জনতার ঢল নামে শিলাইদহের কুঠিবাড়িতে।

রাঙ্গামাটিতে সুর নিকেতনের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটি জেলার বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের উদ্যোগে সকালে জেলা শিল্পকলা একাডেমি বটমূলে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ উচ্চপদস্থ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, গানটি দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিগণের প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর হে নূতন, প্রথম যুগের উদয় দিগন্তে, আমার মুক্তি আলোয় আলোয়, দুই হাতে কালের মন্দিরা, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, তোমার খোলা হাওয়া ইত্যাদি রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়।

কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগেকবি গুরুর জন্মবার্ষিকী পালন

এদিকে কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, সোমবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে কসবা মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কলেজ পরিচালনা কমিটির সদস্য হাজী মোঃ আলী আজম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ইত্তেফাক/নূহু