বনানীর এফআর টাওয়ারের ৮ম তলায় অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসকে জানানোর বিষয়টি রহস্যের সৃষ্টি করেছে। কী কারণে এত দেরিতে ফায়ার সার্ভিসের কাছে সহায়তা চাওয়া হয়েছে তা নিয়ে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। আগুনের কারণ জানতে ফায়ার সার্ভিস গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি গতকালও ঘটনাস্থল পরিদর্শন করেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর জবানবন্দিও নিয়েছেন তারা। এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন গতকাল বলেন, ‘আগুনের সূত্রপাত হয় বেলা ১২টা ২৫ মিনিটে। অথচ আমাদের কাছে খবর দেওয়া হয় ১২টা ৫৫ মিনিটে। খবর পেয়ে সড়কের যানজট উপেক্ষা করে পৌঁছতে ১০/১৫ মিনিট সময় লাগে। ততক্ষণে তিনটি ফ্লোর দাউ দাউ করে জ্বলছিল। ঘটনার পরপর আমাদের কাছে জানানো হলে, আমরা অন্তত ১০/১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছতে পারতাম। তাহলে আমরা আগুন সহজেই নিয়ন্ত্রণে আনতে পারতাম।’ তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য আধা ঘন্টা যথেষ্ট সময়।’
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অগ্নিকাণ্ডের ৩০ মিনিট পর খবর পেয়ে বারিধারা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তারা যখন পৌঁছায় তখন আগুন ৩টি ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আগুনের তাপমাত্রা ২ হাজার ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। ফায়ার ফাইটারদের যে পোশাক রয়েছে সেখানে ৮শ’ ডিগ্রি তাপমাত্রার আগুনের কাছাকাছি গিয়ে পানি ছিটানোর সক্ষমতা রয়েছে।
