যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারের মর্মান্তিক দুর্ঘটনার ১০ ঘণ্টা না পেরুতেই এবার অভয়নগরে আরেক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই নারী শ্রমিক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ শ্রমিক।
একটি রেল ইঞ্জিনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই আকিজ জুট মিলের শ্রমিক এবং অধিকাংশই নারী শ্রমিক।
নিহত দুজন মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের কদবান (৫৫) ও নূরজাহান (৫২)।
স্থানীয়রা জানায়, রাত ১০টায় অভয়নগর উপজেলার তালতলায় অবস্থিত আকিজ জুট মিলের কাজ শেষ করে শ্রমিকরা মিলের গাড়িতে পাশের উপজেলা মনিরামপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। রাত পৌনে ১১টার দিকে তালতলা হাট রেল স্টেশনের রেলগেটটি অতিক্রমের সময় খুলনাগামী একটি ইঞ্জিনের সঙ্গে শ্রমিকবাহী বাসের ধাক্কা লেগে বাসটি চুর্ণ-বিচুর্ণ হয়ে যায়। ইঞ্জিনটি ওই অবস্থায় খুলনা অভিমুখে চলে যায়।
রাত সাড়ে ১১টায় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ইত্তেফাককে জানিয়েছেন, অভয়নগর থানার ওসির কাছ থেকে তিনি তিনজন নিহত হবার কথা শুনেছেন। তিনি অভয়নগর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আহতদের উদ্ধার করে যশোর অথবা খুলনার হাসপাতাল পাঠাতে।
স্থানটি যশোর-খুলনার মধ্যবর্তী স্থানে হওয়ায় অধিকাংশ আহতকে খুলনায় পাঠানো হয়েছে বলে ইত্তেফাককে জানান নওয়াপাড়ার সাংবাদিক ফারুক হোসেন।
উল্লেখ্য, তালতলা রেলওয়ে স্টেশনটি বহুবছর থেকে পরিত্যক্ত। তবে এখানকার রেলক্রসিং-এ কোনো গেটম্যান না থাকায় মাঝেমধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটে থাকে।
ইত্তেফাক/নূহু
