গরমে ব্যায়ামের ক্ষেত্রে কিছু সতর্কতা

আপডেট : ১০ মে ২০১৭, ১২:৫৫
 
বাইরে প্রচণ্ড গরম, কাঠফাঁটা রোদে ঘরের বাইরে দাড়োনোই যেন দায়। অভ্যাসের কারণে তবু অনেকে বের হন শরীর চর্চায় বা ব্যায়ামে। তবে অনেকে গরম নিয়ে শঙ্কিত থাকেন, গরমে ব্যায়াম করলে শরীরে ক্ষতি হবে কিনা! কিভাবে করবেন সঠিক নিয়মে ব্যায়াম সেটাও অনেকে জানেন না।
 
গ্রীষ্মকালীন এই সিজনে কিছুটা সতর্কতা অবলম্বন করে করতে পারেন ব্যায়াম, রাখতে পারেন শরীর ফিট। সে সব নিয়মে গরমে ব্যায়াম করবেন, কিছু পরামর্শ জেনে রাখা ভালো:-
 
> রোদে বাইরে ব্যায়াম না করাই ভালো। ভোরে, বিকেলে বা সন্ধ্যাবেলা বেছে নিন ব্যায়ামের সময় হিসেবে। 
 
> ব্যায়ামের আগে খানিকটা পানি খেয়ে নিন। ব্যায়ামের সময় সঙ্গে পানির বোতল রাখুন। ব্যায়াম শেষেও পানি খেতে হবে বেশি পরিমাণে। গরমে ব্যায়াম করলে প্রচুর ঘাম হয়, শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে। উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যা না থাকলে সারা দিনে ৫০০ মিলিলিটার স্যালাইন-পানিও সঙ্গে রাখতে পারেন। 
 
> চেষ্টা করুণ ব্যায়ামের পর তাজা ফলমূল খান।
 
> পোশাকের ক্ষেত্রে হালকা রঙের আরামদায়ক পোশাক পরুন।
 
> ধীরে সুস্থে ব্যায়াম শুরু করুন । হয়তো আপনি সাধারণত বেশ ভালো গতিতে দৌড়ে থাকেন, কিন্তু গরম আবহাওয়ায় মানিয়ে নিতে শরীরকে, দরকার হলে বাড়তি নিন। 
 
>  নারীদের ক্ষেত্রে বাইরে ব্যায়াম করতে যাওয়ার মিনিট ১৫ আগে সানস্ক্রিন লাগিয়ে নেবেন।
 
> ব্যায়ামের আগে ও পরে ঠান্ডা গোসলে প্রশান্তি মিলবে। তবে শরীর থেকে ঘাম শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। 
 
>  গরমে ব্যায়ামের সময় শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে বা পানিশূন্যতা হলে হিটস্ট্রোকের মতো কিছু লক্ষণ দেখা দেয়। মাথা ঘোরানো বা মাথা হালকা অনুভব করা, মাথাব্যথা, বমিভাব, অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, শ্বাস-প্রশ্বাসে অসুবিধা, মাংসপেশিতে ব্যথা, অতিরিক্ত ঘাম হওয়া বা একদমই ঘাম না হওয়া, শরীরের তাপমাত্রা খুব বেশি বেড়ে যাওয়া। এমন হলে ব্যায়াম থামিয়ে দিন। প্রচুর পানি পান করুন। 
 
ইত্তেফাক/আনিসুর