গাংনীতে এক দিনের ব্যবধানে আবারো কার্বাইড ক্যালসিয়াম মেশানো আম পাচার করার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ট্রাক আম জব্দ করে ধ্বংস করেছে। মঙ্গলবার বিকেলের দিকে গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে সরকারী আদেশ অমান্য করে নির্দিষ্ট সময়ের আগেই আম ভেঙ্গে কার্বাইড মিশিয়ে পাচার করার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান অভিযান চালিয়ে আমগুলো জব্দ করেন।
পরে সন্ধ্যার সময় পাকুড়িয়া গ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্ট করে আমগুলো বিনষ্ট করা হয়। এসময় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান জানান, পাকুড়িয়া গ্রামে অপরিপক্ব আম ভেঙ্গে তাতে কার্বাইড ক্যালসিয়াম মিশিয়ে পাচারের উদ্দেশ্যে আনন্দ হালদারের প্রতিবেশী সুকুমার হালদারের পরিত্যক্ত দোকানঘরে রাখা আম ট্রাকে তোলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে আমের মালিক আনন্দ হালদার পালিয়ে গেলেও আম ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। ৮০ ক্যারেটে আনুমানিক ৬০ মণ আম জব্দ করা হয়। পরে আমগুলো বিনষ্ট করা হয়।
তিনি আরো জানান, চলতি মাসের ৪ তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম চাষী ও ব্যবসায়ীদের ডেকে মতবিনিময় সভা করা হয়েছিলো। মতবিনিময় সভায় আগামী ১৫ মে গোপালভোগ, ২০ মে ল্যাংড়া, হিম সাগর ৩০ মে এবং আম্রপালি ৩০ শে জুনের পর ভাঙ্গার নির্দেশনা দেয়া হয়। তিনি বলেন, এসব অসাধু আম চাষী ও ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোরভাবে দমন করা হবে।
উল্লেখ্য, এর আগের দিন চিৎলা গ্রাম থেকে ট্রাক ভর্তি ১০২ ক্যারেট অপরিপক্ব আম উদ্ধার করে ধ্বংস করা হয়।
ইত্তেফাক/সাব্বির
