বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। দোয়া মাহফিলের আগে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিগগিরই ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বেগম খালেদা জিয়াকে অবশ্যই মুক্ত করে আনতে হবে। এই একনায়কতান্ত্রিক সরকারকে সরাতে আমাদের একটি মাত্র পথ; সেটি হলো বেগম জিয়ার নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা। তিনি বলেন, চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। কারাগারে তাকে সুচিকিত্সা দেয়া হয়নি।
গতকাল আসরের নামাজের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এই দোয়া মাহফিল হয়। এতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মুনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সিনিয়র নেতা সেলিমা রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী অংশ নেন।
গত সোমবার খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছে। তিনি ৬২১ নং কেবিনে চিকিত্সা নিচ্ছেন। অসুস্থ খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি ভালোভাবে দাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না। আজকের এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
