আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া -বিএসএমএমইউ পরিচালক

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:২২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। চিকিত্সায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও জানান তিনি। গতকাল মঙ্গলবার মেডিক্যাল বোর্ডের চিকিত্সকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর বিকাল সোয়া তিনটার দিকে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। আমাদের মেডিক্যাল টিমের সদস্যরা গত সোমবার পরীক্ষা করেছেন, আজ (গতকাল মঙ্গলবার) আবার পরীক্ষা করেছেন। তারা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা গতকালের চেয়ে অনেকটা ভালো। তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি। খালেদা জিয়াকে গত সোমবার এখানে আনার পর তিনি চিকিত্সকদের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। আজও (গতকাল)  তিনি যথেষ্ট হাসিখুশি ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, বন্দি থাকার কারণে তিনি বেশি অসুস্থ হয়েছেন কিনা, সেটি এক কথায় বলা সম্ভব নয়। এগুলোর জন্য আলাদা আলাদা চিকিত্সক রয়েছেন। তারাই ভালো বলতে পারবেন। কবে তিনি সুস্থ হয়ে উঠবেন, সেটিও নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশাবাদী।

গতবার খালেদা জিয়া বিএসএমএমইউতে সঠিক চিকিত্সা না পাওয়ার বিষয়ে পরিবার ও বিএনপির অভিযোগ  প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএসএমএমইউ পরিচালক বলেন, আমি এসেছি দুই সপ্তাহ হলো। এ ব্যাপারে না জেনে কিছু বলাটা ঠিক হবে না। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিত্সক ও বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও উপ-পরিচালক খুরশিদ আলম ।