আজ জাতীয় চলচ্চিত্র দিবস

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:২৩

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। দিবসটি যথাযথ মর্যাদায় সরকারি ও বেসরকারিভাবে পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি পর্যায়ে দু’দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) এবং জাতীয় চলচ্চিত্র উদযাপন কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে দু’দিনের ব্যাপক কর্মসূটি শুরু হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক লক্ষ্মন চন্দ্র দেবনাথ।

আজ বুধবার রয়েছে দিনব্যাপী আয়োজন। এর মধ্যে রয়েছে সকাল সাড়ে নয়টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) এমপি ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

কর্মসূচি পালনের দ্বিতীয় দিন বিকেল পাঁচটায় জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে চলচ্চিত্রের গান পরিবেশনা। সন্ধ্যায় রয়েছে লেজার শো ও আতশবাজি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিবসটি উপলক্ষে আজ থেকে তিনদিনের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- চলচ্চিত্র বিষয়ে আলোচনা, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, চলচিত্রের পোস্টার প্রদর্শনী, চলচিত্রের গান পরিবেশন।