দ্বিতীয় দফায়ও পাস হলো না ব্রেক্সিটের বিকল্প প্রস্তাব

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:২৫

তিন দফায় প্রধানমন্ত্রী থেরেসা মে’র ব্রেক্সিট খসড়া চুক্তি পার্লামেন্টে পাস হয়নি। এবার দ্বিতীয় দফায় পাস হলো না এমপিদের বিকল্প প্রস্তাবগুলোও। সোমবার চারটি বিকল্প প্রস্তাবে ভোট হয় কিন্তু একটিও সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন পায়নি। ফলে ব্রেক্সিট ইস্যুতে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে বিভিন্ন দলের এমপিদের একটি গ্রুপ পার্লামেন্টে বিল উত্থাপন করেছে। পার্লামেন্টে এই বিলটি পাস হলে বর্তমান সময়সীমা ১২ এপ্রিল অনুযায়ী ব্রেক্সিট ঠেকাতে প্রধানমন্ত্রীকে ইইউ’র কাছে সময় চাইতে হবে। তবে সেটা গ্রহণ করা হবে কিনা তা নির্ভর করছে ইইউ’র ওপর। বুধবার এই বিলের ওপর বিতর্ক হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান ব্রেক্সিট আলোচক মাইকেল বার্নিয়ার বলেছেন, ইইউ থেকে ব্রিটেনের কোনো চুক্তি ছাড়াই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতি এখনো এড়ানো সম্ভব। তবে এটা ইইউ’র বড় বড় ঝুঁকির কারণ হবে এবং ব্রিটেন অবশ্যই শক্ত যুক্তি দেখাতে হবে।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, ব্রিটেনের রাজনৈতিক সংকটে ইইউ জিম্মি হতে পারে না। তবে যুক্তরাজ্য সব সময় ফ্রান্সের ভালো মিত্র থাকবে।

প্রসঙ্গত, ব্রেক্সিট গণভোটের রায় অনুযায়ী এ বছরের ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা ছিল। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ’র সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন হবে তেমন কিছু শর্ত নির্দিষ্ট করে একটি খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছিল। প্রধানমন্ত্রী মে’র খসড়া চুক্তিটি  পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে তিন দফা ভোটে পাস হয়নি। ইইউ থেকে ২৯ মার্চে পরিবর্তে ১২ এপ্রিল সময় দিয়েছে। এর মধ্যে কোনো বিকল্প পরিকল্পনা বাস্তবায়িত না হলে ১২ এপ্রিলেই চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পন্ন করতে হবে।