বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় শুধু ব্যবসায়িক স্বার্থ বিবেচনা না করে সেবার ক্ষেত্রকে গুরুত্ব দেয়ার জন্য কলেজ মালিক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার মানোন্নয়নের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ মালিক ও অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় রাজধানীর প্রায় সব বেসরকারি মেডিকেল কলেজের বোর্ডের চেয়ারম্যান ও অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কলেজ পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা এবং সরকারের করণীয় সম্পর্কে মতামত তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজ থেকে মানুষের চিকিৎসার জন্য চিকিৎসক তৈরি করা হয়। তাই এই শিক্ষার মান নিয়ে কোনো আপস করা যাবে না। সরকার কলেজ স্থাপন ও শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনেক উদারতা দেখালেও শিক্ষা কার্যক্রমের মান নিয়ে কোনো দুর্বলতার সুযোগ দেয়া যাবে না।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য মকবুল হোসেন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম প্রমুখ।বাসস
ইত্তেফাক/ইউবি
