ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া-গুরুচরণ দুধনই সড়কে বিধ্বস্ত কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে করছে যানবাহন চলাচল। প্রতিদিন এ রাস্তায় অসংখ্য লোকজন ও যান চলাচল করে থাকে। জানা গেছে, গত ২০০৮-০৯ অর্থবছরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ওই রাস্তার ওপর কালভার্টটি নির্মাণ করে।
অভিযোগ রয়েছে, ওই পথে ভারী যানবাহন চলাচলের কারণে গত ৬ মাস পূর্বে কালভার্টের মাঝের অংশ ভেঙে যায়। ফলে এ পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হয়েছে। জোড়াতালি দিয়ে কোনো রকমে যোগাযোগ ব্যবস্থা চালু রাখা হয়। কিন্তু রাস্তা নির্মাণ কাজের সামগ্রী বহনে যানবাহন চলাচল করতে গিয়ে কালভার্টটি আবারও বিধ্বস্ত হয়। ওই বিধ্বস্ত কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন পথচারী ও যানবাহন চলাচল করে আসছে। পথচারীদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে কালভার্টটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ছাড়া কালভার্টটি বিধ্বস্ত হওয়ায় ঝিনাইগাতী-গুরুচরণ দুধনই রাস্তার নির্মাণ কাজে জটিলতার সৃষ্টি হয়েছে। গ্রামবাসীদের মতে জরুরি ভিত্তিতে এ কালভার্টটি সংস্কার করা প্রয়োজন।
শেরপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। জরুরি ভিত্তিতে তা নির্মাণ করা হবে।
ইত্তেফাক/নূহু
