কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড গেছে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার এখলাছপুর চরাঞ্চলে প্রতিষ্ঠিত আলী আহমদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধ শতাধিক ঘরবাড়ি।
সোমবার সকালে উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ডসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুত সংযোগ বন্ধ রয়েছে। উপজেলার উত্তর সর্দারকান্দি, দক্ষিণ সর্দারকান্দি, শাখারীপাড়া, চরকাশিম, বোরোচর, বাহেরচর, চরওমেদ, চর জহিরাবাদ, চরকাশিম মুরাদ মিয়ার বাজার, এখলাছপুর আশ্রায়ন প্রকল্প, বেড়িবাঁধ অনেকের বসতঘর পড়ে গেছে। গোয়ালঘর, দোকানপাট, জমির কাঁচা-পাকা ইরি-বোরো ধানগাছ, আখক্ষেত, মরিচ ক্ষেত ও তিল ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজারের ছোট-বড় অর্ধ শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। গাছপালা ভেঙে সড়কে পড়ে গিয়ে অনেক স্থানে যান চলাচল ব্যাহত হচ্ছে।
ফরাজীকান্দি ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার বলেন, কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, তুফানে ইরি ধান, ভুট্টা, আখ ও তিল ক্ষেতের বেশি ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/ইউবি
