বাগেরহাটের মোরেলগঞ্জে চাঞ্চল্যকর কাবুল মোল্লা হত্যার ঘটনায় আপন ছোট ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে বরিশালের কালিজিরা ব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহর রড ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া গ্রামের আব্দুল গফফার মোল্লার ছেলে নিহত কাবুল মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা (৪৫), একই এলাকাল আব্দুল মজিদ হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদার এবং মন্টু খানের ছেলে মুন্না খান (২৪)।
পুলিশ জানায়, প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি বছরের ২০ জানুয়ারি রাতে পরিকল্পিতভাবে দিনমজুর বড় ভাই কাবুল মোল্লাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। সকালে আলতিবুরুজ বাড়িয়া গ্রামের লাল মিয়া খানের বসত বাড়ির দক্ষিণ পাশে বেড়ি বাঁধের উপর থেকে মরদেহ উদ্ধার করে মোরেলগঞ্জ থানা পুলিশ। ২২ জানুয়ারি নিহতের পিতা আব্দুল গফফার মোল্লা বাদী হয়ে চারজনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। ২৮ জানুয়ারি মামলাটি পিবিআই, বাগেরহাটের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আড়াইহাজারে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
বাগেরহাট পিবিআই-এর পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. মহসীন উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই-এর উপ-পরিদর্শক মো. শহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে বরিশালের কালিজিরা সেতুর নিচ থেকে কাবুলের আপন ছোট ভাই বাবুল মোল্লাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আলতিবুরুজ বাড়িয়া গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি লোহার রড ও ছুরি উদ্ধার করা হয়েছে।’
ইত্তেফাক/কেকে
