সৈয়দপুরে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

আপডেট : ১৬ মে ২০১৭, ২০:২৬
 
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মঙ্গলবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোখছেদুল মোমিন ৩৬ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে ইলিয়াছ চৌধুরী ভুলু পেয়েছেন ২৮ হাজার ২৩১ ভোট।
 
এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের শওকত হায়াত শাহ পেয়েছেন ২০ হাজার ৩৯৮ ভোট, জামায়াতের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুনতাকিম পেয়েছেন সাত হাজার ৬৮৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ নূরুল হুদা পেয়েছেন তিন হাজার ৩৩৪ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন।
 
উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল একেবারে নগণ্য। এলাকায় ইরি-বোরো ধান কাটা-মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত হয়ে পড়ায় কোনো কেন্দ্রে লাইনে দাঁড়ানোর মতো ভোটার ছিল না। উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে নারী-পুরুষ মিলে মোট এক লাখ ৮১ হাজার ভোটার থাকলেও ভোটার উপস্থিত হয়েছে কম।
 
ইত্তেফাক/জামান