আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তন ‘যমুনা’ কর্তৃক আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের একটি সংগঠন ‘যমুনা’।
নাসিম বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধু হত্যার বিচার ও জাতীয় চার নেতা হত্যার বিচার করেনি। বরং আইন করে বিচারের পথ বন্ধ রেখেছিল। তাই তাদের মুখে আইনের শাসনের কথা মানায় না। আইনের শাসন যদি প্রতিষ্ঠা পেয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসািনার অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু হবে না। যারা নির্বাচনে আসতে চায় আমরা তাদের স্বাগত জানাব। দেশে আজ জঙ্গি দমন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন চক্রান্তকারীরা নতুন চক্রান্ত শুরু করেছে।
আয়োজক সংগঠনের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ম ম আমজাদ হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি তানভীর শাকিল জয়, অধ্যাপক ড. সেলিম রেজা, ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পি প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী সচিবালয়ে অনুষ্ঠিত আগামী ২০১৭-১৮ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস এবং ম্যাট ও আইএইচটি করতে ভর্তি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া স্বাস্থ্য খাত নিয়ে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায়ও সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ইত্তেফাক/নূহু
