মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক এফবিআই কর্মকর্তা রবার্ট মুলারকে। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগ খতিয়ে দেখতে তাকে বুধবার বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ দিয়েছে মার্কিন বিচার বিভাগ।
দেশটির ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুলারের নাম নিয়ে বলেন, মার্কিন জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারের বাইরে থেকে একজনকে এ বিষয়ে তদন্তের জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া মুলারের নিয়োগের বিষয়টি যুক্তরাষ্ট্রের উভয় রাজনৈতিক দলের কাছে প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।
এর আগে, গত সপ্তাহেই ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এর পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। কোমি সর্বশেষ অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনো যোগসূত্র ছিল কিনা, তা নিয়ে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, গত নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে কাজ করেছে মস্কো। বিবিসি।
ইত্তেফাক/সেতু
