সিলেটের জৈন্তাপুর থানায় পুলিশের হেফাজতে নজরুল ইসলাম বাবু নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলার আসামি।
শুক্রবার সকালে থানা হাজত থেকে তার লাশ উদ্ধারের কথা জানায় পুলিশ। বাবু জৈন্তাপুর উপজেলার কহাইগড় গ্রামের আবদুর জলিল বীরের ছেলে এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসনে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করতেন।
পুলিশের দাবি, শুক্রবার ভোরে হাজতের ভেতরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বাবু। তবে পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে বাবু মারা গেছেন। স্ত্রীর দায়ের করা একটি নির্যাতন মামলায় গত বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, কম্বল ছিড়ে ফাঁস লাগিয়ে নজরুল ইসলাম বাবু শুক্রবার ভোরের দিকে আত্মহত্যা করেন। থানার ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে। তবে ঘটনার সময় দায়িত্বে থাকা ডিউটি অফিসারসহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি
