ব্যস্ততা বাড়ছে বড় পর্দায়

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:১৯

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

‘রোমিও আকবর ওয়াল্টার’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। বলিউডের এসপিওনাজ অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। শুরুতে প্রধান চরিত্রে সুশান্ত সিং রাজপুতের অভিনয়ের কথা থাকলেও এক পর্যায়ে তিনি সিনেমাটি ছেড়ে দেন। অ্যাকশন ধাঁচের সিনেমাগুলোয় সাধারণত পুরুষদের দাপট দেখানো হয়। পর্দাজুড়ে থাকে হিরো ও ভিলেনের শক্তিমত্তার প্রকাশ। ‘রোমিও আকবর ওয়াল্টার’ এর ব্যতিক্রম নয় মোটেও। এ সিনেমায় জন আব্রাহামের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মৌনি রায়। দর্শক তাকে এর আগে বেশ কয়েকটি সিনেমায় দেখেছেন। গত বছর বায়োপিক সিনেমা ‘গোল্ড’-এ অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল তার। ব্যবসাসফল ও বহুল প্রশংসিত সিনেমাটির নায়িকা হয়ে শুরুতেই সবার বিশেষ মনোযোগ আকর্ষণে সক্ষম হন মৌনি রায়। গত বছর তাকে আরও একটি ব্যবসাসফল সিনেমা ‘কেজিএফ :চ্যাপ্টার ওয়ান’-এর একটি দুর্দান্ত আইটেম সংয়ে পারফর্ম করতে দেখা গেছে। আইটেম গার্ল হিসেবে মৌনি কোনো অংশে কম নন, এটা বেশ ভালোভাবেই দেখিয়ে দিয়েছেন তিনি। মৌনি রায়কে দর্শক আরো অনেক আগে থেকে চেনে। সাড়া জাগানো হিন্দি ডেইলি সোপ ‘কিউকি সাশ ভি কাভি বহু থি’-তে কৃষ্ণ তুলসি চরিত্রে অভিনয় করে বিপুল সাড়া জাগিয়েছিলেন ২০০৭ সালে। এরপর ‘দেবও কি দেব :মহাদেব’ সিরিয়ালে মৌনিকে সতী চরিত্রে দেখা গেছে। তবে এই অভিনেত্রী সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিলেন ‘নাগিন’ সিরিয়ালে একটানা দীর্ঘদিন অভিনয়ের সুবাদে। যা তাকে খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এর বদৌলতেই একসময় বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পেয়ে যান মৌনি। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারের মেয়ে মৌনির দাদা ছিলেন বিখ্যাত যাত্রাপালা অভিনেতা। তার মাও মঞ্চ নাটকে অভিনয় করতেন। বাবা কাজ করতেন কুচ বিহার জেলা পরিষদ অফিসে। তার স্কুল ও কলেজজীবন কেটেছে কুচবিহারেই। এরপর চলে যান সোজা দিল্লি। সেখানে বিখ্যাত জামিয়া মিলিয়া ইসলামিয়াতে মাস কমিউনিকেশনের ওপর পড়াশোনা করেন। পড়াশোনার মাঝ পথেই মুম্বাই পাড়ি জমান মৌনি সিনেমায় নিজের ভাগ্য পরীক্ষার জন্য। ২০০৪ সালে অভিষেক বচ্চন ও ভূমিকা চাওলা অভিনীত সিনেমা ‘রান’-এ একজন সাধারণ ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে তাকে সামান্য কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল। এরপর একটি পাঞ্জাবি সিনেমা ‘হিরো হিটলার ইন লাভ’-এ অভিনয় করেছেন। আর মৌনির অভিনয়ের দুয়ার খুলে দিয়েছিলেন একতা কাপুর। তার বিখ্যাত টিভি সিরিয়াল ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়ে অল্প সময়েই লাইম লাইটে নিয়ে এসেছিলেন। ছোট পর্দার সিরিয়াল টাইকুন একতা কাপুর মৌনিকে পর পর আরও বেশ কিছু সিরিয়ালে ভালো সুযোগ দিয়েছিলেন। এ জন্য তার কাছে কৃতজ্ঞ মৌনি। নাচেও তার পারঙ্গমতা চোখে পড়ার মতো। ‘নাচ বালিয়ে’, ‘ঝলক দিখলা জা’র মতো ডান্স রিয়েলিটি শোতে তার প্রমাণ মিলেছে অনেকবার। আগামীতে মৌনি রায়কে সুপারহিরো সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’-এ দেখা যাবে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাটের সঙ্গে। এছাড়া ‘মে গিল’ সিনেমায় আমির খানের সঙ্গে এবং ‘মেড ইন চায়না’ সিনেমাতে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করছেন তিনি বর্তমানে।