মো. লুত্ফুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণিল হয়ে ওঠে কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামসহ আশেপাশের এলাকা। এই দিবসে জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় নগরে উচ্ছ্বাসের আমেজ ছড়িয়ে পড়ে। আনন্দ আর উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গত ২৬ মার্চ কুমিল্লা নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজন করা হয় কুচকাওয়াজ, যেমন খুশি তেমন সাজ, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক নানা ভাস্কর্য তৈরি, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনসহ নৃত্য ও নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। এতে নগরীর বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দর্শক-শ্রোতার উপচেপড়া ভিড়ে প্রাণবন্তু হয়ে ওঠে প্রতিটি অনুষ্ঠান। এদিন লাল-সবুজ পোশাকে স্বাধীনতা দিবসের উত্সবের নাচ-গানে অতিথিসহ সকল দর্শক-শ্রোতা নানা আয়োজন উপভোগ করেন। এছাড়া নগরীর টাউন হলের বীরচন্দ্র নগর মিলনায়তন ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমিল্লা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা হূদয় ছোঁয়া গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ করতে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এমন অনুষ্ঠান নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। অসংখ্য দর্শক-শ্রোতা মুক্তিযুদ্ধবিষয়ক এসব মনোমুগ্ধকর অনুষ্ঠান উপভোগ করেন।
