রবিবার থেকে উত্তরাঞ্চলে ৪৮ ঘন্টার পণ্য পরিবহণ ধর্মঘট শুরু

আপডেট : ২০ মে ২০১৭, ২২:১৬

রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টা উত্তরাঞ্চলের সকল জেলায় পণ্য পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে এ ধর্মঘট  পালন করবে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

গত ১৩ মে (শনিবার) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচি ঘোষণা করেন উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ।

রবিবার ২১ মে ভোর ৬টা থেকে ২৩ মে ভোর ৬টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হবে।

সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি, বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন যন্ত্রের নামে চাঁদাবাজি, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ ৭ দফা দাবি বাস্তবায়নে দাবি জানানো হয়।

অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুল মান্নান আকন্দ শনিবার বিকেলে ইত্তেফাককে বলেন, ৭ দফা দাবি দীর্ঘদিনের। সরকারের পক্ষ থেকে এসব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়ে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে। আর চলতি মাসের মধ্যে ৭ দফা দাবি না মানা হলে ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হবে।

তিনি বলেন, এর আগে ২০১৬ সালে ৩১ ডিসেম্বর ৭ দফা দাবিতে ধর্মঘট চলাকালে সরকার এবং পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠকে দাবি মেনে নেয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। যে কারণে আবারও ধর্মঘট আহবান করা হয়েছে।

ইত্তেফাক/নূহু