উত্তরাঞ্চলে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে

আপডেট : ২১ মে ২০১৭, ১০:৪১
 
সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ সহ পরিবহনের বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার সহ ৭ দফা দাবিতে আজ রবিবার ভোর ৬টা থেকে উত্তরাঞ্চলের সকল জেলায় ৪৮ ঘণ্টা পণ্য পরিবহন ধর্মঘট পালন করছে উত্তরবঙ্গ ট্রাক, ট্রাংক-লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
 
ধর্মঘটের প্রথমদিন রোববার সকাল থেকেই বগুড়া-ঢাকা ও বগুড়া-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে শত শত পণ্যবোঝাই ট্রাকসহ অন্যান্য পণ্যবাহী যানবাহন আটক পড়ে আছে। এই ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়েছে পরিবহণ সংশ্লিষ্ট খাতগুলোতে।
 
সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে বগুড়ার বিভিন্ন মহাসড়কে অবস্থান নেন মালিক-শ্রমিকরা। মহাসড়কগুলোতে পণ্যবাহী ট্রাকের চলাচল বন্ধ দেখা গেছে সকাল থেকেই। ঢাকা থেকে ছেড়ে আসা কিছু কিছু পরিবহন চলাচল করলেও শ্রমিকদের বাধার মুখে সেগুলো রাস্তার পাশেই অথবা আন্তঃজেলা ট্রাক টার্মিনালে অবস্থান নেয়।
 
৭ দফা দাবি বাস্তবায়নের শুধু আশ্বাস নয় , কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে  এই ধর্মঘট পালন করা হচ্ছে বলে দাবি করেছেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ । একই সাথে নেতৃবৃন্দ আরও জানান, দাবি আদায় না হলে আসছে রমজানের ঈদের পর লাগাতার  ধর্মঘটের কর্মসূচী দেয়া হবে। 
 
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর